সারাবিশ্ব

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে পূর্ব-দক্ষিণপূর্ব দিকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা ছিল না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি হাসপাতাল থেকে রোগীদের দ্রুত বাইরে সরিয়ে নেওয়া হয়।

প্রাথমিক কম্পনের পর আরও কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ক্ষতিগ্রস্ত এলাকার ভিডিওচিত্রে কিছু ভবনের ছাদের অংশ ধসে পড়া, দেয়ালে ফাটল এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র, হতাহত বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

পালুর একটি চার তারকা হোটেলের ব্যবস্থাপক এফেন্দি নাতালি জানান, ভূমিকম্পের পর হোটেলের সব অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আতঙ্ক তৈরি হলেও সবাই নিরাপদ রয়েছেন। হোটেলটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা নুরহাইদার বলেন, হঠাৎ প্রবল কম্পনে ঘর কেঁপে ওঠে এবং ছাদ ধসে পড়ার আশঙ্কায় তিনি দ্রুত শিশুদের নিয়ে বাইরে চলে যান।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এ অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

উল্লেখ্য, ২০১৮ সালে পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরবর্তীতে সুনামি ও ‘লিকুইফ্যাকশন’-এর মতো বিরল ভূতাত্ত্বিক ঘটনার ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।