সারাবিশ্ব

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২১ পিএম

মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
ছবি: সংগৃহীত

ফ্রান্সে চলমান জি৭ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠকের ফাঁকে বিশ্বনেতাদের মধ্যে দেখা গেছে বেশ প্রাণবন্ত ও হাস্যরসপূর্ণ মুহূর্ত। কূটনৈতিক আলোচনার গাম্ভীর্যের বাইরে এসব বন্ধুত্বপূর্ণ আলাপচারিতাই এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু হালকা মেজাজের মুহূর্ত সম্মেলনে আলাদা মাত্রা যোগ করেছে।

গ্রুপ ছবি তোলার সময় নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির সংক্ষিপ্ত আলাপ নজর কাড়ে সবার। মোদি তাদের জনপ্রিয়তার প্রসঙ্গ তুললে মেলোনি হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’

এর আগেও ২০২৩ সালে বালির জি২০ সম্মেলন ও দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে মেলোনির শেয়ার করা সেলফি এবং ‘মেলোডি’ ক্যাপশন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সম্প্রতি মোদির রোম সফরে মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দেওয়ার ঘটনাও সেই রসিকতাকে নতুন করে উসকে দেয়।

অন্যদিকে সম্মেলনের তৃতীয় দিনে আলোচনায় আসেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ জুন) সকালের অধিবেশনে যোগ দিয়ে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে রসিকতা করেন। আয়োজক দেশের প্রধান হিসেবে ম্যাখোঁ সম্মেলনের সভাপতিত্ব করলেও ট্রাম্প কক্ষে প্রবেশ করেই উচ্চস্বরে বলেন, ‘আমিই বস।’

তার এই মন্তব্যে উপস্থিত বিশ্বনেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ম্যাখোঁও বিষয়টি হালকাভাবে নিয়ে হাস্যরসের সঙ্গেই গ্রহণ করেন।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তি চূড়ান্ত করার পর নিজের ৮০তম জন্মদিন উদযাপন করা ট্রাম্পের এমন স্বভাবসুলভ আচরণে ফ্রান্সের অবকাশযাপন কেন্দ্র এভিয়ঁ লে বেঁ-তে অনুষ্ঠিত এবারের জি৭ সম্মেলনটি গাম্ভীর্যের পাশাপাশি এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।