সারাবিশ্ব

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:১৮ এএম

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডব, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ জনে। এছাড়া ৫১ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বুধবার (২৪ জুন) দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় অঞ্চলটিকে ইতোমধ্যে দুর্যোগকবলিত ঘোষণা করেছে প্রশাসন।

উদ্ধারকাজে বিঘ্ন এড়াতে শুক্রবার (২৬ জুন) রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সরকারি তৎপরতার ঘাটতির অভিযোগ তুলে স্থানীয়রা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, জীবিত উদ্ধারকাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা দ্রুত ফুরিয়ে আসছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিশেষ অনুমতি ছাড়া লা গুয়াইরা এলাকায় প্রবেশ করা যাবে না। যদিও কারা এই অনুমতি পাবেন, তা স্পষ্ট করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত উদ্ধারকারী দল না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে সরকারের পক্ষ থেকে উদ্ধারকাজে সর্বোচ্চ প্রচেষ্টার দাবি করা হয়েছে।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেছেন, প্রতিটি জীবন রক্ষা এখন অলৌকিক ঘটনার মতো। অন্যদিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, সরকার সর্বশক্তি দিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে।

এদিকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জানিয়েছে, এই ভূমিকম্পে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। একই সময়ে আরাগুয়া রাজ্যে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়েছে, যদিও এতে বড় ধরনের নতুন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বেসরকারি তথ্য অনুযায়ী, নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক নিখোঁজ ব্যক্তি এখনো মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের বিষয়ে বিস্তারিত তথ্য মিলছে না।

প্রশাসনের হিসাবে, শুক্রবার পর্যন্ত ৩ হাজার ৩০০ জন আহত হয়েছেন এবং ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, রাজধানী কারাকাসসহ প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এই দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সংস্থাটি আরও সতর্ক করেছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়তে পারে এবং দ্রুত আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।