সারাবিশ্ব

যুদ্ধের সময় ‘আল্লাহর দেওয়া ঐশ্বরিক হাতিয়ার’ হরমুজ: গালিবাফ 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম

যুদ্ধের সময় ‘আল্লাহর দেওয়া ঐশ্বরিক হাতিয়ার’ হরমুজ: গালিবাফ 
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ কর্তৃত্ব বজায় থাকবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, এই কৌশলগত নৌপথ ইরানের জন্য ‘যুদ্ধের সময় আল্লাহর দেওয়া এক ঐশ্বরিক হাতিয়ার’ এবং দেশের সবচেয়ে বড় শক্তির উৎস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রসঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবার ফি থেকে ৬০ দিনের জন্য সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, ইরান প্রণালিটির ওপর নিজের সার্বভৌম অধিকার থেকে সরে এসেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি-কে তিনি বলেন, “এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালিকে ইরান অবরুদ্ধ করে রেখেছে—এমন দাবি তুলে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা বিভ্রান্তি তৈরির সুযোগ আমরা দেব না।”

গালিবাফ আরও বলেন, “কোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে এক চুলও সরে আসবে না।” তিনি হরমুজ প্রণালিকে ইরানের “সবচেয়ে বড় শক্তি” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, যুদ্ধের সময় এটি ইরানের জন্য আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর অন্যতম হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ইরান, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।