সারাবিশ্ব
স্পেনে তীব্র দাবদাহের মধ্যেই দাবানল, ১২ জনের মর্মান্তিক মৃত্যু
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তীব্র দাবদাহের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরলসভাবে কাজ করছেন।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, লস গ্যালার্ডোস ও বেদার এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে। দাবানলে অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাবানলের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার শুকনো গাছে পড়ে আগুনের সূত্রপাত হতে পারে। পরে তা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ৫০ জন বাসিন্দাকে সরিয়ে একটি সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য স্পেনের সেনাবাহিনীর জরুরি ইউনিটও অভিযানে যোগ দেবে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আন্দালুসিয়া সরকারের প্রধান হুয়ানমা মোরেনো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমরা শোকে স্তব্ধ।”
বর্তমানে স্পেনজুড়ে তীব্র দাবদাহ বিরাজ করছে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দাবানলের ঝুঁকি ও ব্যাপ্তি ক্রমেই বাড়ছে।
উল্লেখ্য, ২০২৫ সালে স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর এলাকা দাবানলে পুড়ে যায়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হয়।