সারাবিশ্ব

তালিকার ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম

তালিকার ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ান–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান যদি তার বিমানকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে বিমানে থাকা সংবাদকর্মীরাও রেহাই পাবেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি সব সময়ই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকেন এবং ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় তার নাম সবার ওপরে। এরপর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি যদি মারা যাই, তাহলে তোমরাও মরবে। তাই হয়তো তোমাদের মধ্যে কয়েকজনের এখনই পেশা পরিবর্তনের কথা ভাবা উচিত।”

জানা গেছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে এবার নতুন প্রেসিডেন্সিয়াল বিমান ব্যবহার না করে পুরোনো এয়ার ফোর্স ওয়ান–এ করেই তুরস্ক ত্যাগ করেন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বেড়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের আগ্রাসনের জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের সামনে কোনো ‘রেড লাইন’ নেই। তিনি ট্রাম্পকে সমর্থন দেওয়া উপসাগরীয় দেশগুলোকে তাদের তেল ও গ্যাস স্থাপনার নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার হুঁশিয়ারিও দেন।

এদিকে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ও যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজার ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব আরও গভীর হতে পারে।

সূত্র: দ্য হিল।