সারাবিশ্ব

ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউস


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম

ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউস
ছবিঃ সংগৃহীত

আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি তিনি সরাসরি গ্যালারি থেকে উপভোগ করবেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, ট্রাম্প ফাইনালে উপস্থিত থাকবেন। তার ভাষ্য, এই আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের অন্যতম সফল, নিরাপদ ও দর্শকপ্রিয় বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা প্রদর্শন করেছে।

তিনি আরও জানান, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার একটি অনুষ্ঠানেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে গত জুনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প। তবে তিনি ফাইনালে কোন দলকে সমর্থন করবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

বিশ্বকাপ চলাকালে মাঠে উপস্থিত না থাকলেও ট্রাম্প একটি বিতর্কে জড়িয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ড পুনর্বিবেচনার জন্য তিনি ফিফা সভাপতির কাছে অনুরোধ করেছিলেন। পরে খেলোয়াড়টির এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যদিও পরবর্তী ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।

নিজের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার ক্ষেত্রে নিজের ভূমিকার কথাও একাধিকবার উল্লেখ করেছেন ট্রাম্প। ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কও আলোচনায় এসেছে বিভিন্ন সময়ে।

এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন ট্রাম্প। সেবার তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি উদযাপনেও অংশ নেন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।