সারাবিশ্ব

দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম

দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের 
ছবিঃ সংগৃহীত

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার ঘটনায় দেশটিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই দূষণের কারণে যুক্তরাষ্ট্রকে যে বিপুল ব্যয় বহন করতে হচ্ছে, তার হিসাব কানাডার পণ্যের ওপর আরোপিত বিদ্যমান শুল্কের (ট্যারিফ) সঙ্গে যোগ করা হবে।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা তাদের বনভূমির যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না। ফলে প্রতি বছর যুক্তরাষ্ট্রকে দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের মুখোমুখি হতে হচ্ছে।

ট্রাম্প লিখেছেন, “এটি ইচ্ছাকৃত অবহেলা। প্রতিবছর এমন পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। এই দূষণের মূল্য কানাডার ওপর আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত করা উচিত।”

কানাডার শত শত দাবানলের ধোঁয়ায় গত বৃহস্পতিবার ও শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন এবং এ ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ পরিস্থিতি মোকাবিলায় কানাডা কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চাইবেন।

তবে জলবায়ু বিশেষজ্ঞরা ট্রাম্পের এই দাবির সঙ্গে একমত নন। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বনভূমি আরও শুষ্ক হয়ে পড়ছে এবং তাপমাত্রা ও ঝোড়ো বাতাস বৃদ্ধির ফলে দাবানলের ঝুঁকিও বাড়ছে। ব্রিটিশ কলাম্বিয়ার থম্পসন রিভার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইক ফ্ল্যানিগান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই দাবানল ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।

এদিকে কানাডার অন্টারিও প্রদেশে চলতি বছর প্রায় ৬ লাখ ৫০ হাজার একর বনভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। পরিস্থিতির কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম অন্টারিওর কলিন্স ফার্স্ট নেশন সম্প্রদায়ের পুরো বসতি আগুনে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

পরিস্থিতি মোকাবিলায় অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ১১টি নতুন অগ্নিনির্বাপণ বিমান কেনার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্রেও দাবানলের প্রকোপ বেড়েছে। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩৭ লাখ একর ভূমি পুড়ে গেছে, যা গত ১০ বছরের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সূত্র: রয়টার্স