সারাবিশ্ব
দিল্লি ছাড়িয়ে এবার সারা ভারতে বিক্ষোভের ডাক সিজেপির, শুক্রবার দেশব্যাপী কর্মসূচি
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে চলমান ছাত্র আন্দোলনকে দেশজুড়ে ছড়িয়ে দিতে আগামীকাল শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রাজধানী দিল্লির বাইরে ভারতের বিভিন্ন শহর ও রাজ্যে সমন্বিতভাবে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সিজেপি তাদের সমর্থক, ছাত্রসংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিজ নিজ এলাকায় বিক্ষোভ আয়োজনের আহ্বান জানায়। একই সঙ্গে সমাবেশে আন্দোলনের দাবিগুলো জনসমক্ষে পাঠ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া এবং স্থানীয় ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করতেও বলা হয়েছে।
দেশব্যাপী কর্মসূচিকে আরও সুসংগঠিত করতে স্থানীয় আয়োজকদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার জন্য একটি স্মারকলিপির নমুনাও প্রকাশ করেছে সিজেপি। নির্দেশিকায় নির্ধারিত স্থানে সমাবেশ, সাম্প্রতিক বিক্ষোভে আহতদের প্রতি সংহতি প্রকাশ এবং প্রশাসনের কাছে দাবি-সংবলিত স্মারকলিপি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার চারবার যোগাযোগের চেষ্টা করলেও সিজেপির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে এবং আন্দোলনকারীরা চাইলে বিজেপির সভাপতি জে.পি. নাড্ডার বাসভবন অথবা কার্যালয়ে এসে আলোচনায় বসতে পারেন।
অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, দিল্লির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং বিভিন্ন রাজ্যেও বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়েছে। তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালে একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠে, পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লির সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের প্রতিবাদেই রাজধানীর বাইরে আন্দোলন বিস্তৃত করতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিজেপি।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করলে আন্দোলন নতুন গতি পায়।
সূত্র: রয়টার্স, ইন্ডিয়া টুডে