সারাবিশ্ব
সৌদির তেল অবকাঠামোয় ড্রোন হামলার দাবি হুথিদের
সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু শহরে অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংবেদনশীল স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী জানিয়েছেন, সৌদি আরবের ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে।
তার দাবি, ড্রোন ব্যবহার করে পূর্ব সৌদি আরব থেকে ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে হামলা চালানো হয়েছে।
তবে হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। একই সঙ্গে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্যও প্রকাশ করা হয়নি।
ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আল-জাজিরা।