সারাবিশ্ব

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে বন্দুক হামলায় নিহত ১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে বন্দুক হামলায় নিহত ১
ছবিঃ সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন।

গতকাল সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় সান্তো ডোমিঙ্গো চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ঘটনাটিকে ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। নিহত ব্যক্তি ৪২ বছর বয়সী একজন পুরুষ। আহত দুজনের বয়স ৩৯ বছর এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, হামলাটি সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটে, যা ঔপনিবেশিক আমলের স্থাপনায় ঘেরা এবং জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত এলাকা।

মেক্সিকোয় মাদক চক্রের নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে বন্দুক হামলার ঘটনা প্রায়ই ঘটলেও রাজধানী মেক্সিকো সিটিতে, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের পাশের মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কয়েকটি অপরাধী চক্র সক্রিয় রয়েছে।

সূত্র: এএফপি