সারাবিশ্ব

চিপ সংকটে আয়ের শঙ্কা, সরবরাহ ঘাটতি চাপে অ্যাপল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

চিপ সংকটে আয়ের শঙ্কা, সরবরাহ ঘাটতি চাপে অ্যাপল
ছবিঃ সংগৃহীত

বিশ্বব্যাপী উন্নত চিপের ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে চলতি প্রান্তিকে প্রত্যাশার তুলনায় কম আয়ের পূর্বাভাস দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পরও ভবিষ্যৎ আয়ের এই সতর্ক বার্তার জেরে আফটার-আওয়ার্স লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৫.৫ শতাংশ কমে গেছে।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Tim Cook জানান, নতুন পণ্যগুলোর চাহিদা অত্যন্ত বেশি হলেও উন্নত চিপ উৎপাদনের সীমাবদ্ধতা এবং বৈশ্বিক মেমোরি চিপ সংকটের কারণে বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প মেমোরি চিপ সরবরাহকারী খুঁজছে প্রতিষ্ঠানটি।

বিশেষ করে এন্ট্রি-লেভেলের ম্যাকবুক নিও এবং হাই-এন্ড ম্যাকবুক প্রোর চাহিদা বিশ্বজুড়ে বেড়েছে। তবে চিপ সংকটের কারণে উৎপাদন কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলে জানিয়েছে অ্যাপল।

এর মধ্যেও জুনে শেষ হওয়া অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ব্যবসায়িক ফলাফল বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এ সময়ে অ্যাপলের মোট রাজস্ব আগের বছরের তুলনায় ১৬.৪ শতাংশ বেড়ে ১০৯.৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল আইফোন বিক্রি, যা প্রায় ২১.৫ শতাংশ বেড়ে ৫৪.২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ম্যাক কম্পিউটারের বিক্রি প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে আইপ্যাড বিক্রিতে কিছুটা পতন দেখা গেছে।

অন্যদিকে, অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস সার্ভিস খাতের রাজস্ব ১২.১ শতাংশ বাড়লেও তা ওয়াল স্ট্রিটের প্রত্যাশা পূরণ করতে পারেনি। কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা Kevan Parekh জানান, গেমিং খাতের মন্দা এবং অ্যাপ স্টোরের নীতিগত ও আইনি পরিবর্তনের প্রভাবেই এই খাতে প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়েছে।

এ ছাড়া চীন, তাইওয়ান ও হংকং নিয়ে গঠিত গ্রেটার চায়না অঞ্চলে বিক্রি ২২ শতাংশের বেশি বাড়লেও সেটিও বিশ্লেষকদের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারেনি।

চলতি প্রান্তিকের জন্য অ্যাপল ৯ থেকে ১১ শতাংশ রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত ১২ শতাংশের নিচে। তবে কোম্পানির দাবি, গ্রাহক চাহিদায় কোনো ঘাটতি নেই; মূল চ্যালেঞ্জ হলো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা।

সূত্র: রয়টার্স