সারাবিশ্ব

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেন ঢুকল ৫০ হাজার লোক, নিহত ১৮


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেন ঢুকল ৫০ হাজার লোক, নিহত ১৮
ছবি: সংগৃহীত

মরক্কো সীমান্ত ঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় একদিনে প্রায় ৫০ হাজার মানুষ প্রবেশ করেছেন। সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে এবং সীমান্ত প্রাচীর টপকে তারা এই অঞ্চলে ঢোকেন, যা স্পেনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

সেউতা ভৌগোলিকভাবে মরক্কোর সঙ্গে সংযুক্ত হলেও এটি ঐতিহাসিকভাবে স্পেনের অংশ। ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হওয়ায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই আকর্ষণের কেন্দ্র। সেউতায় প্রবেশের মাধ্যমে তারা কার্যত ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে প্রবেশের সুযোগ পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার হাজার হাজার মানুষ সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতরে সেউতায় ঢুকছেন। অনেকে আবার সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে প্রবেশ করছেন। হঠাৎ বিপুলসংখ্যক মানুষের আগমনে নিরাপত্তাবাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর এই প্রবেশ অব্যাহত ছিল।

এই বিপজ্জনক যাত্রায় এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এত বড় ঢলের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়। চলতি মাসে দেওয়া ওই রায়ে বলা হয়, সাগরপথে সেউতা বা মেলিলায় প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। এরপর থেকেই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে এই পথে ইউরোপে ঢোকার প্রবণতা বেড়ে যায়।

মাত্র একদিনে ৫০ হাজার মানুষের প্রবেশের ঘটনা সেউতার জন্য বিশাল চাপ তৈরি করেছে, যেখানে শহরটির মোট জনসংখ্যা প্রায় ৮৪ হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চায়। পরে সেখানে সেনা মোতায়েন করা হলেও একপর্যায়ে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।

সূত্র: বিবিসি