সারাবিশ্ব

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত- কেরালায় ব্যতিক্রমী এক বিয়ে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত- কেরালায় ব্যতিক্রমী এক বিয়ে
ছবিঃ সংগৃহীত

ভারতের কেরালায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন, যেখানে বিয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যমজরা। যমজ বর, যমজ কনে, যমজ পুরোহিত এবং এমনকি যমজ সহকারীদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এ বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কেরালার চঙ্গনাচেরির মেট্রোপলিটন চার্চে আয়োজিত অনুষ্ঠানে যমজ ভাই আখিল কে থমাস ও নিখিল কে থমাস বিয়ে করেন যমজ বোন ম্যাগি মেরি ও মারিয়া মেরিকে।

অনুষ্ঠানটিকে আরও অনন্য করে তোলে যমজ পুরোহিত ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিলের উপস্থিতি। তাদের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন যমজ দুই কিশোর—জেরন জেমস ও জোহন জেমস।

জানা গেছে, কেরালার চঙ্গনাচেরির ভেট্টুপারামবিল এলাকার বাসিন্দা কুঞ্জুমন থমাস ও জোমোলের যমজ সন্তান আখিল ও নিখিল। অন্যদিকে পাঠানমথিট্টা জেলার কুলাথুরের কুম্বুলুভেলিল এলাকার বাসিন্দা টমিচান ও মেরিকুটির যমজ কন্যা ম্যাগি ও মারিয়া।

পরিবারের সদস্যরা জানান, যমজদের ঘিরেই বিয়ের আয়োজন করার স্বপ্ন ছিল দুই বোনের ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা বিশেষভাবে যমজ পুরোহিতের খোঁজ করেন এবং কোঠানাল্লুরের একটি গির্জার মাধ্যমে তাদের খুঁজে পান।

ম্যাগি ও মারিয়া বলেন, “যমজদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল। পরিবারও এটাই চেয়েছিল। আমরা খুব আনন্দিত যে সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

বিয়ে সম্পন্ন করে যমজ পুরোহিতরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, “যমজদের বিয়ে পড়ানো আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এটি আমাদের সারা জীবনের স্মৃতির অংশ হয়ে থাকবে।”

পেশাগত জীবনে আখিল ও নিখিল দুজনই মার্চেন্ট নেভিতে কর্মরত। অন্যদিকে ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করছেন।

ব্যতিক্রমী এ আয়োজন উপস্থিত অতিথিদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: এনডিটিভি