সারাবিশ্ব

হরমুজ প্রণালিসহ অন্যান্য জলপথ বন্ধ করার হুঁশিয়ারি দিল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

হরমুজ প্রণালিসহ অন্যান্য জলপথ বন্ধ করার হুঁশিয়ারি দিল ইরান
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের অভিযোগ তুলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে কুয়েত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের খবর অস্বীকার করেছে।

আজ শনিবার (০১ আগস্ট) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে, তাহলে শুধু হরমুজ প্রণালিই নয়, আরও গুরুত্বপূর্ণ নৌপথও বন্ধ হয়ে যেতে পারে।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপের প্রভাব বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়বে।

এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করেছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, স্থানীয়ভাবে শোনা বিস্ফোরণের শব্দ ড্রোন ধ্বংসে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) জানিয়েছে, বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়ার সিদ্ধান্ত হয়নি।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে হুতিদের দাবি, তাদের নিরাপদ নৌ-চলাচল সহায়তা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে দেওয়া হয়। কেউ অর্থ বা তথ্য দাবি করলে তা উপেক্ষা করারও আহ্বান জানিয়েছে তারা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকার বাব আল-মান্দাব প্রণালি এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে গন্তব্যে যেতে বাধ্য হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে নিয়ন্ত্রণ হারায়।

ইউকেএমটিও জানিয়েছে, ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলরক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত জাহাজটির পতাকা কোন দেশের, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।