সারাবিশ্ব
৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকায় বুধবার ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে সারঙ্গানি দ্বীপের প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ প্রবল কম্পনে অনেকেই নিরাপদ স্থানের দিকে ছুটে যান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় এক উদ্ধারকর্মী জানান, ভূমিকম্পের সময় একটি মাঠে সরকারি অনুদান গ্রহণের জন্য বিপুলসংখ্যক মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। কম্পন শুরু হলে তারা দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় নেন। এতে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। সাম্প্রতিক সময়েও দেশটির বিভিন্ন এলাকায় একাধিক শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে, যা এই অঞ্চলের ভূকম্পনপ্রবণতার অংশ।