সারাবিশ্ব

ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের বিল পাস মার্কিন সিনেটে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের বিল পাস মার্কিন সিনেটে
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানি পণ্য কেনার অভিযোগে ভারত ও চীনসহ পাঁচটি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ তৈরি করতে একটি বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

শুক্রবার (৭ আগস্ট) দেশটির কংগ্রেসের উচ্চকক্ষে ‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিলটি ভোটে তোলা হয়। ১০০ সদস্যের সিনেটে বিলটির পক্ষে ভোট দেন ৮৬ জন, বিপক্ষে ১১ জন এবং তিনজন ভোটদানে বিরত থাকেন।

বিলটির অন্যতম উদ্যোক্তা ছিলেন সাবেক সিনেটর লিন্ডসে ও গ্রাহাম, যিনি গত ১১ জুলাই মারা যান।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেসব দেশ রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে তেল ও জ্বালানি পণ্য কিনছে এবং এর মাধ্যমে দেশটির যুদ্ধ তহবিলে অর্থ জোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র। এর আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

সিনেটে অনুমোদনের পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে বিলটি পাস হলে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। প্রেসিডেন্টের স্বাক্ষর পেলেই এটি আইনে পরিণত হবে।

আইনটি কার্যকর হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও অতিরিক্ত শুল্কের ঝুঁকিতে পড়তে পারে। এসব দেশ জ্বালানি তেল ও গ্যাসের ক্ষেত্রে রাশিয়ার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল এবং ইউক্রেন যুদ্ধের মধ্যেও রুশ জ্বালানি কেনা অব্যাহত রেখেছে।

এদিকে বিলটিতে শুধু জ্বালানি ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবও রাখা হয়েছে।

এ ছাড়া ইরানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার বিষয়টিও প্রস্তাবিত আইনে অন্তর্ভুক্ত রয়েছে।