সারাবিশ্ব
ভারতে মুসলিমদের ওপর বাড়ছে সহিংসতা, তিন মাসে নিহত ২৫
ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাজনিত সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের মে থেকে জুলাই এই তিন মাসে অন্তত ২৫ জন মুসলিম নিহত হয়েছেন। একই সময়ে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর এবং জোরপূর্বক উচ্ছেদের ঘটনাও বেড়েছে।
দক্ষিণ এশিয়াভিত্তিক মানবাধিকার সংস্থা সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নিহত ২৫ জনের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। বাকি ১০ জন নিহত হয়েছেন উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলা ও পিটিয়ে হত্যার ঘটনায়। নিহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশু ও ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে ঘৃণাজনিত সহিংসতায় মোট ৪৪ জন মুসলিম প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বা হেফাজতে এবং ২৫ জন উগ্র গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়, উত্তর প্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে ভুয়া বন্দুকযুদ্ধ, হেফাজতে নির্যাতন ও উচ্ছেদ অভিযানের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশের ছয়টি রাজ্যে অল্প সময়ের ব্যবধানে অন্তত ২৩টি মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার তাদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান হারিয়েছে। পশ্চিমবঙ্গেও মুসলিম মালিকানাধীন স্থাপনায় হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
অন্যদিকে আসামে ‘অনুপ্রবেশকারী’ অভিযোগে সীমান্ত দিয়ে জোরপূর্বক বিতাড়নের ঘটনাও ঘটছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্য ও বিভাজনমূলক রাজনীতি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।