সারাবিশ্ব
হরমুজ খুললে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প
ইরান হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করে দিলে নতুন কোনো আনুষ্ঠানিক পরমাণু চুক্তি ছাড়াই দেশটির সঙ্গে চলমান সংঘাত বন্ধে সম্মত হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সম্ভাবনার কথা উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে।
সোমবার (১০ আগস্ট) প্রতিবেদনটির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এমন একটি সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। জ্যেষ্ঠ সহযোগীদের তিনি গোপনে জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি ছাড়াই সামরিক অভিযান শেষ করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।
হরমুজ প্রণালিতে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সংঘাত পুরোপুরি বন্ধ করার ভিত্তি তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন। তবে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার বিনিময়ে ইরান একাধিক শর্ত দিয়েছে।
তেহরানের শর্তগুলোর মধ্যে রয়েছে বিপুল অর্থ প্রদান, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া, ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা।
ইরানের এসব শর্তের কারণে যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক সমঝোতার পথ আরও কঠিন হয়ে উঠেছে। ফলে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইরান ইরান ও ওমানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে মার্কিন ও মিত্রদের নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক আদায়ের চেষ্টাও করা হয়। তবে যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে সামনে মধ্যবর্তী নির্বাচন। তার আগে দেশে জ্বালানি তেলের উচ্চমূল্য কমানো এবং ভোটারদের কাছে সামরিক অভিযানের সাফল্য তুলে ধরার চাপ রয়েছে ট্রাম্পের ওপর। এরই মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও পরে জানা যায়, সেই দাবি সময়ের আগেই করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি