সারাবিশ্ব

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্তা আবদুলায়ে সেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, ওই দুই কর্মকর্তা এমন কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানের নাগরিক তোমোকো আকানে ও সেনেগালের নাগরিক আবদুলায়ে সেয়েকে নিষেধাজ্ঞার বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশের আওতায় এবার আকানে ও সেয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এর আগে আদালটির সাবেক প্রধান কৌঁসুলি করিম খানসহ আট বিচারক ও আরও দুই কর্মকর্তাকে একই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে আকানে ও সেয়ের নামে থাকা সম্পদ জব্দ হবে। একই সঙ্গে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না।

২০২৪ সালের নভেম্বরে গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর আদালটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বেড়ে যায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অভিযোগ, আকানে ও সেয়ে এমন কর্মকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন, যার মাধ্যমে এমন দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচার করার চেষ্টা করা হচ্ছে, যেসব দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার মেনে নেয়নি।

রুবিও বলেন, জাতীয় সার্বভৌমত্বের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের হুমকি দূর করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ আরও বিস্তৃত হবে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও জবাবদিহিহীন এই আদালতে অর্থায়ন ও অংশগ্রহণ বন্ধে আরও দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে একটি প্রচারাভিযান শুরু করে। ট্রাম্প প্রশাসনের দাবি, আদালটি মার্কিন সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়।

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ষষ্ঠ প্রেসিডেন্ট এবং এ পদে দায়িত্ব পালন করা প্রথম জাপানি নাগরিক তোমোকো আকানে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের সমালোচনা করে আসছেন। গত ডিসেম্বরে আদালটির সদস্য রাষ্ট্রগুলোর পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করে বিচারকদের দায়িত্ব পালনের অবস্থান পরিবর্তন করা যাবে না।

আকানে বলেন, আইনগত কাঠামোর ব্যাখ্যা ও মামলার বিচার নিয়ে কোনো ধরনের চাপ মেনে নেবে না আদালত। আদালতের স্বাধীনতা ও নিরপেক্ষতাই তাদের মূল ভিত্তি এবং তা অটুট থাকবে।

তবে সর্বশেষ নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।