সারাবিশ্ব

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি বসতিস্থাপনকারীদের প্রবেশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি বসতিস্থাপনকারীদের প্রবেশ
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি বসতিস্থাপনকারীরা প্রবেশ করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সূত্র ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

ঘটনার সময় মসজিদটি ফিলিস্তিনি মুসল্লিদের জন্য বন্ধ ছিল। টানা দ্বিতীয় দিনের মতো তাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। একই সময়ে মসজিদটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে ইসরাইলি বাহিনী।

হেবরনের পুরোনো শহরে অবস্থিত ইব্রাহিমি মসজিদ মুসলিম ও ইহুদি—উভয় ধর্মাবলম্বীর কাছেই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। ইহুদিদের কাছে এটি ‘কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস’ নামে পরিচিত। ১৯৯৭ সালের হেবরন চুক্তির পর শহরটি দুটি অংশে বিভক্ত হয়। মসজিদটি ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রিত H2 এলাকায় অবস্থিত।

দীর্ঘদিন ধরেই ইব্রাহিমি মসজিদ ইসরাইলি ও ফিলিস্তিনি বিরোধের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র। ১৯৯৪ সালে ইসরাইলি-আমেরিকান বসতিস্থাপনকারী বারুচ গোল্ডস্টেইন মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা করেন। ওই ঘটনার পর মসজিদটিতে মুসলিম ও ইহুদিদের উপাসনার জন্য আলাদা ব্যবস্থা করা হয়।

এদিকে চলতি বছর পশ্চিম তীরে মসজিদ ও ধর্মীয় স্থাপনাকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরে ইসরাইলি বসতিস্থাপনকারী ও বাহিনীর হাতে অন্তত ১৩টি মসজিদ ক্ষতিগ্রস্ত বা পুড়িয়ে দেওয়ার ঘটনা নথিভুক্ত করেছে। একই প্রতিবেদনে ইব্রাহিমি মসজিদে আজান বন্ধের ১৫৫টি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ ঘটনায় ইসরাইলি বসতিস্থাপনকারীদের মসজিদে প্রবেশ এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় হেবরনের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।