সারাবিশ্ব
নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পানে প্রাণ গেল ৪৮ জনের, হাসপাতালে শতাধিক
দক্ষিণ নাইজেরিয়ায় মিথানল মেশানো বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। তাদের মধ্যে প্রায় ১০০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় বিষক্রিয়ার ঘটনাটি ঘটে। বিষাক্ত মদ পান করে আক্রান্তদের অনেকের কিডনি অকেজো হয়ে গেছে। কারও দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, আবার কেউ মস্তিষ্কের ক্ষতির শিকার হয়েছেন।
স্থানীয়ভাবে তৈরি উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’ এর সঙ্গে বিষাক্ত মিথানল মেশানোর কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে উৎপাদনকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে পুলিশি তদন্তে সহযোগিতা করছেন।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় কম দাম ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দেশীয়ভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। এরই মধ্যে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা শিশুদের নাগালের বাইরে রাখতে প্লাস্টিকের পাত্রে মদ বিক্রি নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস