সারাবিশ্ব

তিনবার দেখা স্বপ্ন পূরণে পায়ে হেঁটে মক্কার পথে আবদুল্লাহ, ২০০ বার কোরআন খতম করার ইচ্ছা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম

তিনবার দেখা স্বপ্ন পূরণে পায়ে হেঁটে মক্কার পথে আবদুল্লাহ, ২০০ বার কোরআন খতম করার ইচ্ছা
ছবি: সংগৃহীত

সিরিয়ার তরুণ আবদুল্লাহ আল নায়েফ একই স্বপ্ন দেখেছেন তিনবার। আর সেই স্বপ্নই তাকে দীর্ঘ ও দুর্গম এক যাত্রায় বের হওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। কোনো যানবাহনের সাহায্য না নিয়ে প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে দেইর আজ জোর থেকে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। এরই মধ্যে পালমিরা শহরের আশপাশে পৌঁছেছেন আবদুল্লাহ।

দেইর আজ জোরের পশ্চিমাঞ্চলের জুগাইর জাজিরা গ্রাম থেকে তার এই পদযাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিয়ে মক্কার দিকে এগিয়ে চলেছেন তিনি। নিজের যাত্রাপথে ধারণ করা ভিডিওতে আবদুল্লাহ জানান, একই স্বপ্ন তিনবার দেখার পরই পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আবদুল্লাহর ভাষ্য, তার এই যাত্রা কোনো রোমাঞ্চকর অভিযান কিংবা ক্রীড়া চ্যালেঞ্জ নয়। স্বপ্নের প্রেরণাতেই তিনি এই কঠিন পথ বেছে নিয়েছেন। মক্কায় পৌঁছানোর পর ২০০ বার কোরআন খতম করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

দীর্ঘ এই যাত্রাপথে আবদুল্লাহর সঙ্গে পরিচয় হচ্ছে বিভিন্ন মানুষের। কেউ তার সঙ্গে কথা বলছেন, কেউ জানতে চাইছেন এত দীর্ঘ পথ পায়ে হেঁটে যাওয়ার কারণ। আবার কেউ তাকে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার প্রস্তাবও দিচ্ছেন। এভাবেই পথ চলতে গিয়ে অপরিচিত মানুষের সহযোগিতা পাচ্ছেন তিনি।

আবদুল্লাহর যাত্রার বিভিন্ন মুহূর্ত এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পথে তার সঙ্গে দেখা হওয়া কয়েকজন ব্যক্তি তার ভিডিও ধারণ করে প্রকাশ করছেন। এসব ভিডিওতে নিজের যাত্রার উদ্দেশ্য এবং তাকে এই পথে আসতে অনুপ্রাণিত করা স্বপ্নের বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে আবদুল্লাহকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার যাত্রার খবর ছড়িয়ে পড়ার পর আবদুল্লাহর ঘনিষ্ঠরা তাকে অযথা বিরক্ত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের অনুরোধ, এই যাত্রাকে যেন শুধু দর্শক বাড়ানোর উপায় হিসেবে ব্যবহার করা না হয়। শান্তিপূর্ণভাবে পথ চলার জন্য আবদুল্লাহকে প্রয়োজনীয় সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

দেইর আজ জোর থেকে মক্কার পথে আবদুল্লাহর দীর্ঘ পদযাত্রা এখনো অব্যাহত রয়েছে। তিনি মোট কত কিলোমিটার পথ পাড়ি দেবেন কিংবা কবে মক্কায় পৌঁছাবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে মরুভূমির দুর্গম পথ পেরিয়ে ইতিমধ্যে পালমিরা শহরের আশপাশে পৌঁছে গেছেন তিনি। গন্তব্য মক্কার দিকে পায়ে হেঁটেই এগিয়ে চলেছেন সিরিয়ার এই তরুণ।