সারাবিশ্ব

ফ্লাই-দুবাইয়ের পাইলটকে রক্তাক্ত করা কে এই হাম্মাম আল হামামি?


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম

ফ্লাই-দুবাইয়ের পাইলটকে রক্তাক্ত করা কে এই হাম্মাম আল হামামি?
ছবি: সংগৃহীত

মাঝআকাশে ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলটকে ধারালো বস্তু দিয়ে আঘাত এবং বিমান বিধ্বস্তের চেষ্টার অভিযোগ উঠেছে ওমানের নাগরিক কো-পাইলট হামাম আল হামামির বিরুদ্ধে। ২৯ বছর বয়সী এই পাইলটের পরিচয় প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, হামাম অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো বিভিন্ন পোস্টে ব্যক্তিগত জীবন ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির নানা বিষয় উঠে এসেছে।

একটি পোস্টে নিজের বিয়ের জন্য মায়ের পাত্রী খোঁজার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। সেখানে হামাম জানান, বিয়ের ক্ষেত্রে তার শর্ত ছিল, স্ত্রীকে নিকাব পরতে হবে এবং বিয়ের পর চাকরি করা যাবে না। তবে এসব শর্তে কোনো পাত্রী রাজি হচ্ছিলেন না। পরে তিনি পাইলট হিসেবে কাজ করেন জানার পর অনেকেই বিয়েতে আগ্রহ দেখান বলে দাবি করেন হামাম।

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তার শর্ত মেনে পাত্রী খুঁজতে গিয়ে মা বেশ সমস্যায় পড়েছিলেন। পাত্রীদের নিকাব পরা এবং বিয়ের পর চাকরি ছেড়ে দেওয়ার শর্ত জানানো হলে তারা তা প্রত্যাখ্যান করেন। কিন্তু তার মা যখন জানান, ছেলে একজন পাইলট, তখন তাদের মনোভাব বদলে যায়।

নারী ও পুরুষের একসঙ্গে কাজ করার বিষয়েও আপত্তি ছিল হামামের। তার মতে, কর্মক্ষেত্রে নারী ও পুরুষের একসঙ্গে কাজ করা নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০২২ সালের আরেকটি পোস্টে তিনি দাবি করেন, পুরুষদের সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক সম্মানীয় ও ধর্মপরায়ণ নারী বিপথে পরিচালিত হয়েছেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার ফ্লাই দুবাইয়ের যে বিমানটি বিধ্বস্তের চেষ্টার শিকার হয়, সেটি পরিচালনা করছিলেন ভারতীয় ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড় এবং ওমানি কো-পাইলট হামাম আল হামামি।

বিমানটি মাঝআকাশে থাকা অবস্থায় হামাম ধারালো বস্তু দিয়ে ভারতীয় পাইলটকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তবে তার সেই চেষ্টা সফল হয়নি।

সূত্র: সিএনএন