সারাবিশ্ব

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি (ভিডিও)


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:৩৯ এএম

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি (ভিডিও)
ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের হাওয়াই ও আলাস্কায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

বুধবার (৩০ জুলাই) ভোররাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কা রাজ্যে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে বিধ্বংসী সুনামির ঢেউ তৈরি হতে পারে।

রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, এই ভূমিকম্প গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি আরও জানান, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সখালিন অঞ্চলের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানিয়েছেন, সুনামির সম্ভাব্য হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণাঞ্চলে ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশটিতে সুনামি সংক্রান্ত পরামর্শ জারি করেছে এবং এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে।

এর আগে, গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছিল, মাত্র ৩২ মিনিটের ব্যবধানে ওই এলাকায় পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয় এবং এরপরই জারি করা হয় সুনামি সতর্কতা।

বর্তমানে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।