সারাবিশ্ব

রাশিয়ার গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম

রাশিয়ার গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
ছবি: সংগৃহীত

রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চেলিয়াবিনস্ক শহরের কাছের কোপেইস্ক এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর কারখানাটির ভেতরে আগুন ধরে যায় এবং আকাশে বিশাল আগুনের গোলা দেখা যায়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি ছিল একটি প্লাস্টিক সামরিক কারখানা, যেখানে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদন করা হতো।

চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার জানান, বিস্ফোরণের পরপরই জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং একটি জরুরি নিয়ন্ত্রণকক্ষ (কমান্ড সেন্টার) স্থাপন করে। তিনি বলেন, “শহরের বাসিন্দা বা আশপাশের বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই। আগুন এখন নিয়ন্ত্রণে, তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।”

গভর্নর টেক্সলার আরও জানান, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং অঞ্চলজুড়ে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।

এ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উৎপাদন প্রক্রিয়ার সময় কোনো যান্ত্রিক ত্রুটি বা রাসায়নিক প্রতিক্রিয়া থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে।

এর আগেও, গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, বাশকোরতোস্তান অঞ্চলের স্টারলিটামাক শহরে অবস্থিত ‘আভানগার্ড’ কারখানাটি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করত, যা ইউক্রেন যুদ্ধের সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত হতো। প্রায় এক মাস আগেই একই অঞ্চলে একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পে ব্যাপক আলোড়ন তোলে।