সারাবিশ্ব

বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম

বঙ্গোপসাগরের দ্বীপ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত ওড়িশার ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে নিজের তৈরি স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে।

গত ২৮ ও ২৯ জুলাই দুই দফায় এই পরীক্ষা চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং সবকটি পরীক্ষায় সফল হয়েছে।

ডিআরডিও’র তথ্যমতে, ‘প্রলয়’ একটি আধুনিক, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া, মাঝ আকাশে নিজস্ব গতিপথ পরিবর্তনের সক্ষমতাও রয়েছে ক্ষেপণাস্ত্রটিতে, ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো অনেক সহজ হবে।

এতে ব্যবহৃত হয়েছে কঠিন জ্বালানির মোটর এবং উন্নত প্রযুক্তিনির্ভর ন্যাভিগেশন সিস্টেম। কনভেনশনাল ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ৩৫০ থেকে ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের কমান্ড সেন্টার, বিমানঘাঁটি বা সরবরাহ কেন্দ্র ধ্বংস করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছে ভারত।

ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে না পারে, সেজন্য এটিকে বিশেষভাবে নকশা করা হয়েছে।