সারাবিশ্ব

চীন সফরে মোদি, পুতিনও যাচ্ছেন একই সময়ে, নাখোশ ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম

চীন সফরে মোদি, পুতিনও যাচ্ছেন একই সময়ে, নাখোশ ট্রাম্প
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন। ছয় বছর পর মোদির এই সফর আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

একই সময়ে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মোদির সঙ্গে শি জিনপিং ও পুতিনের সাইডলাইন বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কূটনৈতিক বিশ্লেষকরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, মোদির এই সফরের পেছনে রয়েছে কৌশলগত সমীকরণ বদলের ইঙ্গিত। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটাই হবে তাঁর প্রথম চীন সফর। সর্বশেষ তিনি ২০১৯ সালে চীন সফরে যান।

বর্তমানে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে টানাপোড়েন চলমান। বিশেষ করে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর ভারতের প্রতি আমেরিকার মনোভাব শীতল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়া সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও বাণিজ্য বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে মোদি ও শি জিনপিংয়ের সাক্ষাৎ হয়েছিল। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

উল্লেখ্য, এসসিওর ১০ সদস্য রাষ্ট্র হলো: চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এবারের সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।