সারাবিশ্ব
চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েন বাড়লেও রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পথে পিছু হটছে না নয়াদিল্লি। বরং আগামী সেপ্টেম্বরে দেশটি রুশ তেল আমদানি আরও ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ব্যবসায়িক মহলের সঙ্গে জড়িত একাধিক সূত্র।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন। এর পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান তেলবাণিজ্য এবং মস্কোকে ইউক্রেন যুদ্ধ থেকে সরে আসতে চাপ দেওয়া। তবে এসব পদক্ষেপ উপেক্ষা করে ভারতের পরিশোধনকারীরা সস্তায় অপরিশোধিত রুশ তেল আমদানি বাড়াতে আগ্রহী।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে। এতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র রুশ জ্বালানি আমদানি কমিয়ে দেয়। কিন্তু একই সময়ে ভারত দ্রুত রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে ভারতের মোট জ্বালানি তেলের প্রায় ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে। চীন ও তুরস্ক রাশিয়ার অন্য দুই বড় ক্রেতা।
মার্কিন প্রশাসন ভারতের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি সস্তা দামে তেল কিনে তা থেকে বাড়তি মুনাফা করছে। তবে ভারত পাল্টা অভিযোগ তুলে বলছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়া থেকে বিপুল পরিমাণে পণ্য আমদানি করছে, অথচ ভারতকে একতরফাভাবে দায়ী করা হচ্ছে।
শুল্ক ইস্যুতে ভারত আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন কূটনৈতিক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।
সূত্র জানাচ্ছে, সেপ্টেম্বরে ভারতের দৈনিক আমদানি দেড় থেকে তিন লাখ ব্যারেল পর্যন্ত বাড়তে পারে। ফলে রাশিয়া-ভারত জ্বালানি বাণিজ্য আরও শক্তিশালী হতে চলেছে।
সূত্র: রয়টার্স