সারাবিশ্ব
ভারতের অবস্থাও নাজুক, নেপালের মতো পরিস্থিতির সতর্কবার্তা শিবসেনা নেতার
নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে সাধারণ মানুষের অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিসহ রাজনৈতিক নেতাদের। এ পরিস্থিতির পর এবার ভারতের জন্যও একই রকম সতর্কতা শোনালেন শিবসেনার এমপি সঞ্জয় রউত।
তিনি দাবি করেন, নেপালে যে ‘আগুনের সূত্রপাত’ হয়েছে, সেটি ভারতে ঘটতে পারে। কারণ নরেন্দ্র মোদির সরকারও দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী এবং স্বজনপ্রীতিতে ভরপুর। তবে ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংসার নীতি অনুসরণ করায় এখনো দেশে তেমন পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সঞ্জয় রউত বলেন, “ভারত আজও টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্মেছিলেন বলেই। মানুষ গান্ধীর আদর্শে বিশ্বাস করে বলেই সরকারও টিকে আছে। মোদিজি, আপনি গান্ধীকে যতই অপমান করুন না কেন, আপনার সরকারও আসলে গান্ধীর আদর্শের কারণেই বেঁচে আছে।”
তিনি প্রশ্ন তোলেন, “প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন—এর মানে কী? এর মানে হলো দেশে এখনো গরিব মানুষ রয়েছে। ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে, কেউ দুবাই-সিঙ্গাপুরে বিলাসী জীবন কাটাচ্ছে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে। নেপালেরও একই অবস্থা ছিল।”
মোদি সরকারের পররাষ্ট্রনীতিকেও ব্যর্থ আখ্যা দিয়ে সঞ্জয় রউত বলেন, “নেপাল একসময় আমাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারা ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু সংকটের সময়ে ভারত তাদের পাশে দাঁড়ায়নি। সেটাই আমাদের কূটনীতির ব্যর্থতা।”
শিবসেনার এই নেতা তাই সতর্ক করে বলেন, ভারতীয় রাজনীতিবিদদের এখনই সাবধান হতে হবে, নাহলে নেপালের মতো পরিস্থিতি যে কোনো সময় ভারতেও দেখা দিতে পারে।