সারাবিশ্ব
ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি চোরাচালানে জড়িত ছিল: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে নিহত তিন বাংলাদেশি নাগরিককে চোরাচালানকারী বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৫ অক্টোবর ত্রিপুরার বিদ্যাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত প্রতিক্রিয়া না মিললেও, এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “এ ধরনের জঘন্য অপরাধ মেনে নেওয়া যায় না। এটি মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন।”
এর জবাবে শুক্রবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “নিহতরা বাংলাদেশি চোরাচালানকারী ছিলেন। তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে গরু চুরির চেষ্টা করেন এবং স্থানীয়দের ওপর লোহার রড ও ছুরি নিয়ে আক্রমণ চালান। এতে একজন গ্রামবাসী নিহত হন।”
তিনি আরও জানান, “এমন পরিস্থিতিতে অন্যান্য গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলে। ঘটনাস্থলে দু’জন বাংলাদেশিকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয়জন হাসপাতালে মারা যান।”
ভারতীয় কর্তৃপক্ষ নিহতদের মৃতদেহ বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এবং ঘটনার তদন্তে একটি অফিশিয়াল মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মুখপাত্র।
উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সীমান্তে নাগরিকদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষা নিয়ে আবারও বিতর্ক তীব্র হয়েছে।