সারাবিশ্ব

পাকিস্তানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

পাকিস্তানে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ফয়সালাবাদে গ্লু উৎপাদনকারী একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। বিস্ফোরণের শক্তিতে কারখানাটি ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

আল-জাজিরার খবরে বলা হয়, শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে লাহোর বিভাগের ফয়সালাবাদের কারখানাটিতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। দ্রুত আগুনের তীব্রতা বাড়ায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় গণমাধ্যমকে জানান, কারখানার রাসায়নিক গুদামে গ্যাস লিক থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কা এতটাই প্রবল ছিল যে আশপাশের বাড়িগুলোর ছাদ উড়ে যায়। তিনটি বাড়িতে আগুন ধরে যায়। নিহতদের বেশিরভাগই ওই বাসাবাড়ির বাসিন্দা।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করতে উদ্ধারকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে আসে। আহত সাতজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর কারখানার ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, পাকিস্তানে কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরও ফয়সালাবাদের একটি টেক্সটাইল মিলে বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি হয়েছিল।