সারাবিশ্ব

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে: ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধটি বর্তমানে ভারতের দৃষ্টিগোচর ও পর্যালোচনার মধ্যে রয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও এ খবর প্রকাশ করেছে।

রণধীর জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। এর প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে বিষয়টি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।

শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র-জনতা নেতৃত্বাধীন আন্দোলনের উত্তাপে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর থেকে অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ দুই দফায় ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে। তবে এবারই প্রথমবারের মতো ভারত আনুষ্ঠানিকভাবে সেই চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে।

জয়সওয়াল ব্রিফিংয়ে আরও বলেন, “আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ, বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ চালিয়ে যাব।”

গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করার পর চলতি মাসে বাংলাদেশ তার প্রত্যর্পণের জন্য নতুন চিঠি পাঠিয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে একই ধরনের অনুরোধ ভারতের কাছে পাঠানো হয়েছিল।

ভারত জানিয়েছে, বর্তমান চিঠিটি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যাচাই-বিশ্লেষণ করা হচ্ছে।