সারাবিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে সুইজারল্যান্ডে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩১ এএম

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে সুইজারল্যান্ডে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান অসিম মুনির সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দেশটির বুরগেনস্টকে অনুষ্ঠিতব্য ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতেই তাদের এই সফর। রোববার সকালে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই আলোচনায় কাতারও অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে ইসলামাবাদ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়িয়েছে লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা। এর জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক চাপ তৈরি করলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আল জাজিরা ও ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ নিউজ জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া অভিযোগ করেছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল।

সাম্প্রতিক এই হামলায় লেবাননে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর প্রতিক্রিয়ায় ইরান মাত্র তিন দিন আগে চালু হওয়া হরমুজ প্রণালি আবারও বন্ধের কঠোর সিদ্ধান্ত নেয়। সামরিক কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এটি তাদের ‘প্রথম পদক্ষেপ’ এবং ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।