সারাবিশ্ব

বিক্ষোভকারীদের ওপর গুলি, অমিত শাহকে চিঠি দিয়ে জবাব চাইলেন রাহুল গান্ধী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

বিক্ষোভকারীদের ওপর গুলি, অমিত শাহকে চিঠি দিয়ে জবাব চাইলেন রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী বিক্ষোভে ছররা গুলি ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ বিষয়ে তিনি একটি চিঠি দিয়েছেন এবং সেটি নিজের এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন।

গত ২০ জুলাই প্রশ্নফাঁসের প্রতিবাদে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়, এতে বেশ কয়েকজন আহত হন।

রাহুল গান্ধীর দাবি, আহতদের একজনের চিকিৎসা নথিতেও ছররা গুলির আঘাতের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে দিল্লি পুলিশ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো ছররা গুলি ব্যবহার করেনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাহুল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ‘বর্বরোচিত’ হামলা চালানো হয়েছে। তার ভাষায়, স্বচ্ছ শিক্ষাব্যবস্থার দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের কথা শোনার বদলে তাদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনায় শত শত শিক্ষার্থী আহত হয়েছেন এবং নারী আন্দোলনকারীদের ওপরও হামলা চালানো হয়েছে।

চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন রাহুল। প্রথমত, শিক্ষার্থীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ার অনুমতি তিনি দিয়েছেন কি না- না দিলে কে দিয়েছে। দ্বিতীয়ত, সাধারণ পোশাকে যারা শিক্ষার্থীদের মারধর করছিলেন, তারা পুলিশ নাকি অন্য কোনো বাহিনী এবং তাদের নিয়োগ দিয়েছে কে।

এর আগে ছররা গুলিতে আহত এক শিক্ষার্থী সাহিল লোহছাবকে সামনে এনে তার শরীরের ক্ষত দেখিয়ে রাহুল বলেন, সরকার গুলি চালানোর অভিযোগ অস্বীকার করলেও বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন