সারাবিশ্ব
বিয়ে না হওয়ার হতাশায় মাত্র ৬ মাসে ২৯ যুবকের আত্মহত্যা
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে আত্মহত্যার ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে জেলায় মোট ৪৩১ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২৯ জন পুরুষের আত্মহত্যার পেছনে বিয়ে না হওয়া বা বিয়ের আলোচনা ভেঙে যাওয়াকে একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে আত্মহত্যাকারীদের মধ্যে ৩৮৩ জন পুরুষ, ২৯ জন নারী, ৮ জন কিশোর এবং ১১ জন কিশোরী রয়েছে। পরিসংখ্যান বলছে, নারীদের তুলনায় পুরুষদের আত্মহত্যার সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।
প্রতিবেদনে আত্মহত্যার বিভিন্ন কারণ হিসেবে আর্থিক সংকট, পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, মাদকাসক্তি, ঋণের চাপ এবং দীর্ঘদিনের অসুস্থতার বিষয়গুলো উঠে এসেছে। এর পাশাপাশি ২৯ জন পুরুষের ক্ষেত্রে বিয়ে না হওয়া কিংবা বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়াও হতাশার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলগাঁও জেলায় নারী ও পুরুষের অনুপাতেও ভারসাম্যহীনতা রয়েছে। প্রতি এক হাজার পুরুষের বিপরীতে সেখানে প্রায় ৯২৫ জন নারী রয়েছেন। শহরাঞ্চলে এই ব্যবধান আরও বেশি। ফলে অনেকের ক্ষেত্রে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে দীর্ঘ সময় লাগা, সামাজিক চাপ এবং হতাশা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার পেছনে সাধারণত একক কোনো কারণ কাজ করে না। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক বিভিন্ন চাপ একসঙ্গে একজন মানুষকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে।
তারা মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, পরিবার ও সমাজের সহায়তা বাড়ানো এবং সংকটে থাকা ব্যক্তিদের দ্রুত সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।