সারাবিশ্ব

এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম

এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
ছবি: সংগৃহীত

কেউ মানসিক প্রশান্তির আশায়, কেউ আবার বিপদ-আপদ থেকে মুক্তির প্রত্যাশায় কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের শরণাপন্ন হন। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত নানা সমস্যায় অনেকেই এসব কথিত সাধুর দ্বারস্থ হন। তবে তাদের কেউ কেউ প্রতারণার সঙ্গে জড়িত—এমন অভিযোগও প্রায়ই সামনে আসে।

সাধকের বেশে নানা ধরনের প্রতারণার অভিযোগে অতীতেও অনেক ভণ্ড সাধুর নাম সংবাদমাধ্যমে এসেছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নারী ও শিশুদের হয়রানি কিংবা প্রতারণার শিকার করার অভিযোগও রয়েছে কারও কারও বিরুদ্ধে।

এবার এমনই এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটাগরিকদের একাংশ ওই সাধুকে ‘চুম্বন বাবা’ নামে অভিহিত করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পাতায় ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক সাধুবাবা নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক নেটাগরিকের অভিযোগ, কাপড় দিয়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, পুরুষ ভক্তদের ক্ষেত্রে কেন একই ধরনের আচরণ দেখা যায় না।

তবে সাধুর কয়েকজন অনুসারীর দাবি, এটি নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের কোনো আচার হতে পারে।

এদিকে ভিডিওতে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই ‘চুম্বন বাবা’ নামটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে নেটদুনিয়ায়।

সূত্র: আনন্দবাজার