সারাবিশ্ব
বিয়ের আগেই গর্ভধারণ, মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করলেন বাবা
ভারতে বিয়ের আগেই মেয়ের গর্ভধারণের খবর জানার পর তাকে হত্যা করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। সামাজিক লজ্জার ভয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৫২ বছর বয়সী লাখপত সিং নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দিল্লির তিগরি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, মেয়ের গর্ভধারণের বিষয়টি জানার পর থেকেই তাকে হত্যার পরিকল্পনা করেন ওই ব্যক্তি। পরে চিকিৎসার কথা বলে মেয়েকে উত্তরপ্রদেশের আগ্রায় নিজেদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাজি করান।
তদন্তে উঠে এসেছে, গত ২৯ জুলাই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে তিনি মেয়েকে আগ্রার বাসাউনি এলাকার চম্বল নদীর তীরে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়।
ঘটনার সময় তারা ছবি তোলা ও ভিডিও ধারণও করেন বলে তদন্তে জানা গেছে। হত্যার পর বিষয়টি আড়াল করতে দিল্লিতে ফিরে এসে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন লাখপত সিং।
পুলিশ জানায়, ঘটনাটিকে অপহরণ বা নিখোঁজ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। তবে তদন্তে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে সন্দেহ ঘনীভূত হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অপরাধের কথা স্বীকার করেন।
এ ঘটনায় অভিযুক্ত বাবা এবং তার সঙ্গে থাকা আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আগ্রায় নিয়ে যাওয়া হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। চম্বল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।