সারাবিশ্ব
দীর্ঘ নীরবতার পর প্রকাশ্যে মোজতবা খামেনি, ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ
দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করে।
ভিডিওতে দেখা যায়, মোজতবা খামেনিকে ঘিরে কয়েকজন মানুষ অবস্থান করছেন এবং তিনি তাদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছেন। তবে ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি মেহের নিউজ। এমনকি সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মেহের নিউজের প্রকাশিত ভিডিওটি নিয়ে বিস্তারিত তথ্যের অভাব রয়েছে, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবুও দীর্ঘদিন পর তার উপস্থিতির এই দৃশ্য সামনে আসায় ইরানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাধারণ নাগরিক নিহত হন।
ওই হামলার জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনায় একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
উল্লেখ্য, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। পরবর্তীতে মার্চের শুরুর দিকে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ সময় আড়ালে থাকার পর তার এই ভিডিও প্রকাশিত হওয়ায় তার শারীরিক অবস্থা ও বর্তমান ভূমিকা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।