সারাবিশ্ব

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরাজ শেঠ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরাজ শেঠ
ছবি: সংগৃহীত

নেপালের সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মাননা প্রদান করেন।

ভারত ও নেপালের সেনাপ্রধানদের পরস্পরকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার দীর্ঘদিনের রীতির অংশ হিসেবে জেনারেল শেঠকে এ সম্মান দেওয়া হয়েছে। ১৯৫০ সালে এই প্রথা চালুর পর থেকেই দুই দেশ একে অপরের সেনাপ্রধানকে এ সম্মান দিয়ে আসছে।

নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছেন জেনারেল শেঠ। গত রোববার তিনি দেশটিতে পৌঁছান।

সফরকালে জেনারেল শেঠ নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের নেপাল সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ক আবারও গুরুত্ব পেয়েছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতেই এই প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠেছে।

সফরকালে জেনারেল শেঠ ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় ভারত ও নেপালের সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। পরে তিনি সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের এই সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশা করছে।