সারাবিশ্ব

নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরি, গ্রেপ্তার ২


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরি, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে নারায়ণী নদী থেকে উদ্ধার করা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল খুলে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি কাঠের একটি তক্তা ও ওই নারীর চুল ধরে নদী থেকে মরদেহটি তীরে তুলে আনছেন। পরে মরদেহ উদ্ধারের নামে তারা নারীর দুই কান থেকে স্বর্ণের দুল খুলে নেন বলে অভিযোগ ওঠে।

ভিডিওতে আরও দেখা যায়, ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষ উপস্থিত থাকলেও কেউ তাদের বাধা দেননি। বরং অনেকে নীরবে দাঁড়িয়ে থেকে পুরো ঘটনার দৃশ্য ধারণ করেন।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু করে স্থানীয় প্রশাসন। নেপাল পুলিশ জানায়, ভিডিওচিত্র বিশ্লেষণ করে ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ২৫ বছর বয়সী মদন গুরুং ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরী।

বৃহস্পতিবার ভরতপুর মহানগরীর ১ নম্বর এলাকার পোখরা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চিতওয়ান পুলিশ জানিয়েছে, চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ভেসে গিয়ে ওই নারীর মৃত্যু হয়। পরে তার মরদেহ নারায়ণী নদীতে ভেসে আসে।

পুলিশ বলেছে, দুর্যোগের সময়ে অসহায় মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণ ও লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি