সারাবিশ্ব
অন্তঃসত্ত্বা বোনকে হত্যার প্রতিশোধ নিতে দুলাভাইকে কুপিয়ে হত্যা
ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদে চার মাসের অন্তঃসত্ত্বা বোনকে হত্যার মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম চিত্তারি হরিবাবু। তার বয়স ২৬ বছর।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিহত নারীর ভাই সন্তোষকে হত্যার দায় স্বীকার করতে দেখা গেছে। ভিডিওতে সন্তোষকে বলতে শোনা যায়, তার চার মাসের অন্তঃসত্ত্বা বোনকে যে হত্যা করেছে, সে তাকেই হত্যা করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৫টার দিকে নিজামাবাদের একটি খাবারের দোকানের পাশে ছিলেন হরিবাবু। এ সময় একটি গাড়িতে করে তিন থেকে চারজন সেখানে আসে। তাদের মধ্যে একজন গাড়ি থেকে নেমে হরিবাবুকে ধাওয়া করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় ও মাথায় আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান হরিবাবু। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিজামাবাদ সরকারি সাধারণ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, হরিবাবু ইউটিউবার গন্ধম বৈষ্ণবী হত্যা মামলার অভিযুক্ত ছিলেন। চলতি বছরের ১৭ মার্চ তেলেঙ্গানার জগতিয়াল জেলায় নিজ বাড়ি থেকে বৈষ্ণবীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বৈষ্ণবীর পরিবারের অভিযোগ ছিল, অতিরিক্ত যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হতো। পরে ওই অভিযোগের ভিত্তিতে হরিবাবুর বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের জুলাই মাসে জামিনে মুক্তি পান তিনি।
হরিবাবুকে হত্যার ঘটনায় বৈষ্ণবীর ভাই সন্তোষের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে সন্তোষকে হত্যার দায় নিতে দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভিডিওতে সন্তোষ আরও জানান, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা এখনো পুলিশিভাবে যাচাই করা হয়নি। হরিবাবু হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি