সারাবিশ্ব

বন্যার ধকল না কাটতেই তুষারধসের কবলে নেপাল, নিখোঁজ ১০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

বন্যার ধকল না কাটতেই তুষারধসের কবলে নেপাল, নিখোঁজ ১০
ছবি: সংগৃহীত

বন্যার ধকল কাটতে না কাটতেই নেপালে আবারও দুর্যোগের মুখে পড়েছে দেশটির পার্বত্য অঞ্চল। ভারী তুষারপাতের মধ্যে মানাং জেলার হিমলুং হিমাল এলাকায় তুষারধসে পর্বতারোহী ও তাদের সহায়তাকারী দলের অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রোববার নেপালের মানাং জেলার নার ফু অঞ্চলের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে এ তুষারধসের ঘটনা ঘটে। নেপালের পর্বতারোহণ অভিযান পরিচালনাকারী সংগঠনের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ ১০ জনের মধ্যে দুজন ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিলেন। বাকি আটজন হিমালয়ান হলিডেজ নেপালের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রাম কৃষ্ণ লামিছানে জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের উদ্ধারে অভিযান সমন্বয় করা হচ্ছে।

ভারী তুষারপাত ও টানা বৃষ্টির কারণে নেপালের উচ্চ পার্বত্য জেলাগুলোতে তুষারধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর থেকেই সতর্কতা জারি রয়েছে।

এর মধ্যেই হিমলুং হিমালে নতুন করে তুষারধসের ঘটনা ঘটল। কয়েক সপ্তাহ আগে নেপালের আরেক পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষারধসের পর সৃষ্ট আকস্মিক বন্যায় রাসুওয়া জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

এরপর দেশটির বিভিন্ন উচ্চ পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবিলায় সতর্কতা জোরদার করা হয়েছে। ভারী তুষারপাত ও টানা বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। ফলে পর্বতারোহী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস