সারাবিশ্ব
পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাঞ্জাব সীমান্তের কাছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার তিন নিরস্ত্র পাকিস্তানিকে লক্ষ্য করে গুলি ছোড়েন ভারতীয় সীমান্তরক্ষীরা।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই তিন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সীমান্ত পার হওয়ার কোনো চেষ্টা করেননি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয়নি পাকিস্তান।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান টেলিভিশন নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার তিন নিরস্ত্র বেসামরিক নাগরিক একটি সীমান্ত পিলার থেকে মাত্র কয়েক ধাপ দূরে অবস্থান করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
নিরাপত্তা সূত্রের দাবি, ওই তিনজনের কেউই সীমান্তের নিরাপত্তা বেষ্টনি অতিক্রমের চেষ্টা করেননি। এ ঘটনাকে ভারতের সঙ্গে বিদ্যমান সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবেও উল্লেখ করেছে সূত্রটি।
এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ওই তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন।