সারাদেশ
গাজীপুর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৬৯ জনকে নিরাপদে উদ্ধার
গাজীপুরের ডেগির চালা ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভবন থেকে ৬৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ডেগির চালা ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের ৮ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৩টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি এক খুদে বার্তায় নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে।
অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে আর কেউ আটকা রয়েছেন কি না, তা নিশ্চিত করতে পুনরায় তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।