জাতীয়
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় আসছে: আইনমন্ত্রী
দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
নতুন ব্যবস্থায় বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত করা হবে। ফলে বিবাহ ও তালাকসংক্রান্ত তথ্য যাচাই আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন আইনমন্ত্রী।
‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম শুরু করার কথাও জানান আইনমন্ত্রী।