সারাদেশ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে কৃষক নিহত, আহত ৪
নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।
আহতরা হলেন নিহতের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম ও ছোট ভাই ইমরান আলী। তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ খেয়ে ফেলে আবুল কাশেমের ছাগল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিন্টু রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।