সারাদেশ
পিরোজপুরে শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
পিরোজপুরের নেছারাবাদে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা নাদিম মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা ছাত্রদল।
শুক্রবার (২ অক্টোবর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নাদিম মাহমুদ স্বরূপকাঠী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১ নম্বর বলদিয়া ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন শিক্ষকেরা। এ সময় বিদ্যালয়ের পাঠাগারে রাখা স্কুল ফিডিং কর্মসূচির ৩০ প্যাকেট দুধ নাদিমসহ কয়েকজন নিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ২৭ প্যাকেট দুধ কিনে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফেরত দেন নাদিম। বাকি তিন প্যাকেট দুধ খেয়ে ফেলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে নাদিম মাহমুদ বলেন, তিনি ও তার দুই বন্ধু বিদ্যালয় থেকে ৩০ প্যাকেট দুধ নিয়েছিলেন। তবে সেগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল, তা তারা জানতেন না। পরে বিষয়টি জানতে পেরে ২৭ প্যাকেট দুধ কিনে ফেরত দিয়েছেন।
এদিকে, ঘটনাটি শিক্ষা অফিসকে জানাতে দেরি করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নেছারাবাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম জানান, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি শিক্ষা অফিসকে জানায়নি। এ কারণে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।