সারাবিশ্ব
নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর জীবিত উদ্ধার মালয়েশীয় পর্যটক
নেপাল ও চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন এক মালয়েশীয় পর্যটক। হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের কাছে হিমবাহ ধসের ফলে সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই নাগরিক নিরাপদে মালয়েশিয়ায় ফিরে গেছেন। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
শুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ নামের একটি সংগঠনের মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নেপাল ভ্রমণে যাওয়া ওই পর্যটক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে উপস্থিত হয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘ ৩৭ দিন পর তার জীবিত থাকার খবর পাওয়ায় নিখোঁজ অন্য পর্যটকদের পরিবারের মধ্যে কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিশ্লেষণ অনুযায়ী, লাংটাং লিরুং পর্বতে হিমবাহ ও বরফ ধসের ফলে সৃষ্ট কম্পন ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে নেপাল ও সংলগ্ন তিব্বত অঞ্চলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
এর আগে গত ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালে বন্যার পর কাঠমান্ডুতে অবস্থিত দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ৫৫ নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
মনিভান্নান রেথিনাম জানান, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে ওই পর্যটক নাগথালি ভিউপয়েন্টে অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া যায়। স্থানীয় সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় এবং বিদ্যুৎ ও খাবার পানির তীব্র সংকটের কারণে তিনি দুর্গম এলাকায় আটকা পড়েছিলেন।
দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গত ১৭ সেপ্টেম্বর নেপালের পর্যটন দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে ১৮০ জনের বেশি ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৫৪ জন ইউক্রেনীয়, ৫৪ জন মালয়েশীয় এবং ৩৭ জন চীনা নাগরিক রয়েছেন।