সারাবিশ্ব
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, নিখোঁজ বহু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত শুক্রবারের (৫ জুলাই) এই দুর্যোগের পর এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যদিও তাদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বন্যার পর পাঁচ দিন পার হলেও উদ্ধারকাজ চলছে পুরোদমে। স্থানীয় ও জাতীয় উদ্ধারকারী দলগুলো নদীর পাড় ঘেঁষে কাদা ও ধ্বংসস্তূপের ভেতর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। এরইমধ্যে আবহাওয়া বিভাগ ওই অঞ্চলে আরও বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে, যা উদ্ধার তৎপরতাকে আরও জটিল করে তুলতে পারে।
বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ‘ক্যাম্প মিস্টিক’ নামে একটি খ্রিস্টান বালিকাশিবির। তারা নিশ্চিত করেছে, শিবিরের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন কিশোরী শিক্ষার্থী এবং একজন ক্যাম্প কাউন্সেলর।
কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। মৃতদের মধ্যে ৮৪ জনই এই কাউন্টির বাসিন্দা। এদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু। কের কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, এখনো ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, জাতীয় আবহাওয়া পরিষেবার বাজেট কমানোর কারণে উদ্ধারকাজে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য, চলমান দুর্যোগের ফলে টেক্সাসে জরুরি অবস্থা জারি রয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় গার্ড মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।